ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরের ৩৯তম মেয়র হিসেবে শপথ গ্রহণ করছেন ফিরহাদ হাকিম। শপথগ্রহণ উপলক্ষে কলকাতা পৌরভবনে এরই মধ্যে সাজ সাজ রব দেখা দিয়েছে। এবারই প্রথম পৌরভবনের ভেতরে মঞ্চ তৈরি করে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অতিথিদের বসার জন্য সব মিলিয়ে প্রায় ৫০০টি আসনের ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চে থাকছে প্রায় ৩০টি আসন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মেয়রের পাশাপাশি চেয়ারপারসন ও মেয়র পরিষদের সদস্যরাও শপথ গ্রহণ করবেন। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সংবাদে বলা হয়েছে, ২০১৫ সালে মেয়র হিসেবে শোভন চট্টোপাধ্যায় টাউন হলে শপথগ্রহণ করেছিলেন। তার আগের সব মেয়র শপথ নিয়েছিলেন পৌরভবনের সভাকক্ষে। এবার ঘটছে ব্যতিক্রম। পৌরসভার লনে মঞ্চ ও মণ্ডপ তৈরি করে মেয়রের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ শপথগ্রহণের পর মেয়র, চেয়ারপারসন ও মেয়র পরিষদের ঘরে তাদের নামফলক বসানো হবে বলে জানা গেছে।
আনন্দবাজার পত্রিকা বলছে, মেয়রের অফিসও নতুন করে সাজানো হয়। মেঝেতে নতুন কার্পেট বিছানো হয়েছে। দেওয়ালে লাগানো হয়েছে নতুন ওয়ালপেপার। ঘরের আলোকসজ্জাও নতুন করে করা হয়েছে। মেয়রের চেয়ার-টেবিলসহ যাবতীয় আসবাব পালিশ করা হয়েছে। মাসখানেক আগে থেকেই মেয়রের ঘরের যাবতীয় সামগ্রী বাইরে বের করে পুরো ঘর পরিষ্কার করা হয়েছে।
শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে কলকাতার সব বিধায়ক, মন্ত্রী ছাড়াও সংসদ সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। একাধিক বিশিষ্ট চিকিৎসকও সেই অনুষ্ঠানে থাকতে পারেন।
পৌরসভার একজন কর্মকর্তা জানান, শপথ নেওয়ার পর দফতর বণ্টনের ঘোষণা হলেই মেয়র পরিষদের অফিসের সামনে তাদের নামফলক বসানো হবে। সোমবার রাতের মধ্যে মণ্ডপ ও মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। এ দিকে শপথ অনুষ্ঠান উপলক্ষে পৌরভবনের নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে।